মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
মাদক ও অটো রিকশা ছিনতাইয়ের বিরুদ্ধে এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রংপুরের মিঠাপুকুরে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক ইমন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাদকের কুফল এবং ইদানীং বেড়ে যাওয়া অটো রিকশা ছিনতাই চক্রের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল হক ইমন বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আর যারা খেটে খাওয়া মানুষের একমাত্র আয়ের উৎস অটো রিকশা ছিনতাই করে, তারা সমাজের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।" তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় তরুণ ও যুবসমাজকে এই অপতৎপরতার বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ বিএনপির এই সময়োপযোগী ও পজিটিভ সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।