নিজস্ব প্রতিবেদক, বদরগঞ্জ (রংপুর):
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর সেনাপল্লী ও খোলাহাটি এলাকার মিলনস্থল মাঠে চলছে ‘ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা’। তবে মেলার নামকরণে কুটির শিল্পের কথা থাকলেও বাস্তবে সেখানে দেশীয় শিল্প পণ্যের প্রসারের চেয়ে রমরমা অবৈধ লটারি (র্যাফেল ড্র) ও জুয়ার আসর বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এতে গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা প্রাঙ্গণে বা কুটির শিল্পের স্টলগুলোতে দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও মেলার প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় লটারির ড্র। প্রতিদিন সকালে ও বিকেলে অটোরিকশা এবং রিকশায় মাইক লাগিয়ে ও লিফলেট বিলি করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিটি ২০ টাকা মূল্যের টিকিটের লোভ দেখিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ ও যুবসমাজকে প্রলুব্ধ করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ প্রতিদিন তাদের কষ্টার্জিত আয়ের টাকা লটারির পেছনে ঢেলে দিয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, মেলার আড়ালে রাতের বেলা অশ্লীলতা ও জুয়ার আসর বসছে। এছাড়া মেলাকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন, মেলার প্রভাবে এলাকার সাধারণ ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
এদিকে সচেতন নাগরিক সমাজ, স্থানীয় ব্যবসায়ী ও ওলামায়ে কেরাম এই অবৈধ লটারি ও অনৈতিক কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন।