নিজস্ব প্রতিবেদক:
রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর অঞ্চলের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনটিতে নাটোর ও গাইবান্ধার জেলা প্রশাসকসহ মোট তিনজনকে ওএসডি করার কথা জানানো হয়।
জনপ্রিয় ও দক্ষ এই প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহার করায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতে, মোহাম্মদ রুহুল আমীন রংপুরে যোগদানের পর থেকেই জনকল্যাণমূলক নানা পদক্ষেপ, প্রশাসনিক গতিশীলতা এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। হঠাৎ এমন সিদ্ধান্ত রংপুরবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। জনস্বার্থে এই ধরনের বদলি বা ওএসডি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অনেকে।