মোঃ শহিদুল ইসলাম, রংপুর।
রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পাওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ তাঁর কর্মকালীন সময়ে সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আইন ও বিধি-বিধানের মধ্যে থেকে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই আইনবহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
অপরাধ দমন, কৌশলগত পুলিশিং এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা নিতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দ্রুত তথ্য সংগ্রহ, সঠিক বিশ্লেষণ ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সহকর্মীদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।