সার ও কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সারের কৃত্রিম সংকটের তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখা।
রোববার আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট কৃত্রিম উপায়ে সারের সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি মো. জামিদুল ইসলাম আব্দুল্লাহ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মো. আবুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মোত্তালিব হোসেন এবং রংপুর মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাতেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরশুরাম থানা শাখার সভাপতি মো. জিউল হক জিয়া প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকদের স্বার্থবিরোধী এই কৃত্রিম সংকট নিরসন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।