নিজস্ব প্রতিবেদক, রংপুর:
আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে এবং বর্তমান সংকট পুরোপুরি দূর হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারা দেশেই জনবল কাঠামোর কিছু সংকট রয়েছে। তবে অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগের মাধ্যমে রমেক হাসপাতালের চাহিদাগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিগত সময়ের সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে চলা জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছিল। হাসপাতালের পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি দেখতে এবং বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে তিনি এই সফরে এসেছেন বলে জানান।
আইসিইউ সংকট প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, "এর আগে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের অভাবে এই হাসপাতালে আইসিইউ বেড বাড়ানো সম্ভব হয়নি। ইতোমধ্যে পদায়ন সম্পন্ন হয়েছে, আশা করছি আগামী এক মাসের মধ্যেই নতুন করে আইসিইউ বেডগুলো চালু করা সম্ভব হবে।"
এদিকে, সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তে কিছু জটিলতা ও সময় লাগলেও প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসাই সরকারের প্রধান অগ্রাধিকার।
এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তিনি রমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন।
অনুষ্ঠান ও উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।