মাহবুবুর রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় (এনআই অ্যাক্ট) সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহেদ বাদশা সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরদিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত শাহেদ বাদশা সাদ্দাম বদরগঞ্জ উপজেলার নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী হিসেবে কর্মরত আছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, শাহেদ বাদশা সাদ্দাম ‘বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’ থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (বদরগঞ্জ, রংপুর) একটি মামলা দায়ের করা হয় (নম্বর: সিআর-৮৭/২৫)।
পরবর্তীতে মামলাটি রংপুর বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত নং-৩ এ স্থানান্তরিত হয় (দায়রা নং-৪৫৬/২৫)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৪ জুলাই ২০২৬ খ্রি. আদালত আসামির উপস্থিতিতে বা অনুপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন। রায়ে শাহেদ বাদশা সাদ্দামকে ৫ লাখ ৮৩ হাজার টাকা অর্থদণ্ড এবং সমপরিমাণ জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রায় ঘোষণার পর থেকেই অভিযুক্ত সাদ্দাম আত্মগোপনে চলে যান। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর রাতে বদরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, "আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাঁকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"