মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া অডিও রেকর্ড ছড়িয়ে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হয়েছে বলে দাবি করেছেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লোলিন।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির সাথে তার ফোনালাপের একটি ভুয়া অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা বিভ্রান্তি ও রাজনৈতিক অপব্যাখ্যা দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তি জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে সহায়তার জন্য তার বাসায় এসেছিলেন। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন যে, ওই ব্যক্তি নিজেকে বিএনপি আইনজীবী ফোরামের সদস্য পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করেছেন, অথচ তিনি মূলত ওই ফোরামের কেউ নন।
আতিকুল ইসলাম আরও অভিযোগ করেন, দুপুর বারোটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেখতে পান যে, এআই প্রযুক্তি অপব্যবহার করে তার নামে একটি মনগড়া ও বানোয়াট অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। ইব্রাহিম খলিলের সাথে তার ওই ধরনের কোনো কথাই হয়নি দাবি করে তিনি একে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস ও তাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্ত বলে অভিহিত করেন।
রাজনীতি মানে মানুষের বিপদে পাশে দাঁড়ানো উল্লেখ করে তিনি বলেন, "আমি বিশ্বাস করি, সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও চিরদিন চাপা দিয়ে রাখা যায় না।" এ সময় তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের সামনে প্রকৃত সত্য তুলে ধরে এর পেছনে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।