বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে এস কে ফুলবাবু নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে ওই নারীসহ একই রশিতে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গত রোববার গভীর রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী এস কে ফুলবাবু বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় রাজনীতির সাথে জড়িত।
ফুলবাবুর বাবা মঞ্জুল মিয়ার অভিযোগ, তাঁর ছেলে ছাত্রলীগের একজন কর্মী। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সে আত্মগোপনে ছিল। গত রোববার সে গোপনে পরিবারকে দেখতে বাড়িতে আসে। বিকেলে পার্বতীপুরের মধ্যপাড়া ভাদুড়ী বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার সময় স্থানীয় কয়েকজন যুবক বাস থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে আনে।
তিনি আরও দাবি করেন, রাতভর তাকে পৌর শহরের চাঁদকুঠি গ্রামের এক নারীর বাড়িতে আটকে রাখা হয়। সেখানে সাজানো অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীসহ তাঁর ছেলেকে এক রশিতে বেঁধে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা অপবাদ বলে জানান তিনি।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ওই নারীর ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ফুলবাবুকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুজনকে একসাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, চাঁদকুঠি গ্রামে এক নারীসহ এক যুবককে আটকে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।