নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ন্যাম ভবন এলাকার ৫ নম্বর ভবনে যায়। সেখানে তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়।
ঘটনার পর পরই ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটের সদস্যরা পৌঁছান।
মরিয়ম খাতুন ঠিক কখন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।