নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার দাদা মার্কেট এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলার সময় হঠাৎ আগুন লাগে। মাগরিবের নামাজের পর আগুন লাগার পর আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত নিচে নেমে আসেন। এ সময় বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হয়, যার আঘাতে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
তবে তীব্র যানজট ও ভাঙা রাস্তার কারণে ফায়ার সার্ভিস টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, "ভাঙা রাস্তা ও যানজট পেরিয়ে দীর্ঘ সময় পর আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।"
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, ৬টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেলেও বাইপাইল সড়কে অতিরিক্ত যানজটের কারণে তাদের দল রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছায়।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।