নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা ও বানোয়াট ধর্ষণ মামলা করার অভিযোগে মোছা. লাবলী আক্তার (২৮) নামের এক নারী বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। মামলার অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের ১৪ মার্চ সাদ্দাম হোসেন তাকে নুরুল ইসলামের ভুট্টাখেতে একা পেয়ে ধর্ষণ করেন।
প্রাথমিক তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযোগটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহলের প্ররোচনায় সাদ্দাম হোসেনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সাজানো মামলা করা হয়েছিল।
পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি আবেদন করলে ট্রাইব্যুনাল মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পরবর্তীতে পিবিআইও অধিকতর তদন্ত শেষে অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা বলে আদালতে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনাল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে, মিথ্যা মামলা দায়ের করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(১) ধারায় বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান লাবলী আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।