নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এ প্লাস (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা পরিষদের আয়োজনে গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা পরিষদ রংপুরের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, "অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা, সততা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। নিজেদের সাফল্যের এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা। এই আয়োজন তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।