নিজস্ব প্রতিবেদক:
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, "জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর পর আবার তাদের জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাই জনগণের সেবা নিশ্চিত করা এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের দায়িত্ব।" প্রশাসন ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্যই জনগণের সেবা করা উল্লেখ করে তিনি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন।
বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইউনিয়ন ও উপজেলা পরিষদের ভবনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করতে হবে। দিনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পদায়ন ও পদোন্নতিতে সততা ও কর্মদক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরেক বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী চার বছরে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইটের বদলে সিসি ও ইউনি ব্লক ব্যবহার এবং ইজিবাইক নিবন্ধনের জন্য আইন ও বিধিমালার কাজ চলছে বলে জানান তিনি। তিনি আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিসি (স্থানীয় সরকার), ইউএনও ও পৌরসভার প্রশাসকরা উপস্থিত ছিলেন।