রংপুর প্রতিনিধি:
পাথরের প্রাচীন মূর্তি পাচারের সম্ভাব্য একটি চক্রের সন্ধান মিলেছে কি না এমন প্রশ্ন সামনে রেখে রংপুর মহানগরীর মাহিগঞ্জে অভিযান চালিয়ে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১৩। এ ঘটনায় মো. রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মাহিগঞ্জ থানার ফকিরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আটক রজব আলী মাহিগঞ্জ থানার ১ নম্বর কল্যাণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা এলাকার মৃত ফজর আলীর ছেলে।
অভিযানে তার কাছ থেকে ২৮ দশমিক ৫ ইঞ্চি উচ্চতা ও ৫ দশমিক ৫ ইঞ্চি প্রস্থের কালো পাথরের কালীমূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। যার ওজন ২১ কেজি ২০০ গ্রাম।
প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া মূর্তির খণ্ডাংশটি চোরাই পথে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে গোপনে রাখা হয়ে থাকতে পারে। তবে মূর্তিটির প্রকৃত উৎস, কতদিন ধরে এটি ওই ব্যক্তির কাছে ছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় মাহিগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আটক রজব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।