নিজস্ব প্রতিবেদক, রংপুর:
ক্যাম্পে বসবাসরত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে রংপুরে লংমার্চ ও জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এসপিজিআরসি (SPGRC) রংপুর শাখার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ক্যাম্পবাসীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার জন্য বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের দ্রুত ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের কোনো ক্যাম্প উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত ক্যাম্পবাসীদের সকল নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা যাবে না। সকল ক্যাম্পে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পবাসীদের জানমালের হেফাজতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরবর্তীতে এসপিজিআরসি রংপুর শাখার নেতাকর্মী ও সাধারণ ক্যাম্পবাসীদের একটি প্রতিনিধিদল লংমার্চ সহকারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তারা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ মহলে স্মারকলিপি পেশ করেন।