নিজস্ব প্রতিবেদক, রংপুর:
দীর্ঘদিন ধরে পদোন্নতি বা আপগ্রেডেশন না দেওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীরা।
আজ বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, "আমরা দীর্ঘদিন ধরে পদবঞ্চিত। কেউ দশ বছর, কেউ সাত বছর ধরে একই পদে আছি। নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর পদোন্নতি দেওয়ার কথা থাকলেও প্রশাসন বারবার তা এড়িয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে বহুবার জানানোর পরও আপগ্রেডেশন বোর্ডের কোনো আয়োজন করা হয়নি। বাধ্য হয়ে আমরা উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। প্রথমে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে, দাবি আদায় না হলে আমরা আমরণ অনশনে যাব।"
অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে গণিত বিভাগের সেমিনার সহকারী মোছা. কাকলী বেগম বলেন, "আমরা অত্যন্ত অল্প বেতনে চাকরি করি, যা দিয়ে বর্তমান বাজারে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে আমাদের অধিকাংশ কর্মচারী ভাই-বোন ঋণে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে ইতোমধ্যে অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী কর্মচারী আমরাই। সময়মতো পদোন্নতি হলে আর্থিকভাবে কিছুটা স্বস্তি পেতাম, অথচ গত ১০ বছর ধরে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না। উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে পদোন্নতির ব্যবস্থা করুন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট মোছা. ফারজানা বেগমসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ।