বিশেষ প্রতিনিধি, পীরগাছা (রংপুর):
রংপুরের পীরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিজের লাইসেন্স লুকিয়ে অন্যের লাইসেন্স নম্বর ব্যবহার করে জমি রেজিস্ট্রির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দলিল লেখক মো: আবেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার শিকার এক ভুক্তভোগী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অভিরাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো: আব্দুস সোবহান ১৯৯১ সালে ৫৫৭৪ নম্বর দলিল মূলে ৫.৫০ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি জানতে পারেন, বিক্রেতা মো: জহুরুল ইসলাম উক্ত জমিটি আগেই (১৯৮৯ সালে) তার স্ত্রী মোছা: গুলশানারা বেগমের নামে হেবা দলিল করে দিয়েছেন। এই জালিয়াতির বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- ৩১৮/২৫), যা বর্তমানে বিচারধীন রয়েছে।
মামলা চলমান থাকা অবস্থাতেই গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৪৯৭৮ নম্বর দলিলের মাধ্যমে বিতর্কিত জমিটি পুনরায় রেজিস্ট্রি করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, উক্ত জমি রেজিস্ট্রির কাজে অভিযুক্ত দলিল লেখক মো: আবেদুল ইসলাম (লাইসেন্স নং- ৯৫) নিজের লাইসেন্স ব্যবহার না করে আজিজ মুহুরী নামের অপর এক দলিল লেখকের লাইসেন্স নম্বর (নং- ৬৬) ব্যবহার করে জালিয়াতি সম্পন্ন করেন।
ভুক্তভোগী মো: আব্দুস সোবহান বলেন, "আদালতে মামলা চলা সত্ত্বেও জালিয়াতি চক্রটি অন্যের লাইসেন্স ব্যবহার করে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করেছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি ও চরম নিরাপত্তার হুমকি সৃষ্টি করেছে।" তিনি দ্রুত এই সনদ ও দলিল জালিয়াতির তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থার দাবি জানান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত দলিল লেখক মো: আবেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, বিষয়টিতে পীরগাছা সাব-রেজিস্ট্রার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।