বিশেষ প্রতিনিধি:
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ সংস্কারকাজের নিম্নমান নিয়ে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংস্কারকাজে ব্যবহৃত উপকরণ ও কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানা পরিদর্শনে যান মন্ত্রী। কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় রেলকোচের জানালা সংস্কারকাজের বাজে অবস্থা দেখে চরম বিস্ময় প্রকাশ করেন তিনি।
কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে রেলমন্ত্রী বলেন, "এত বড় একটি কারখানায় রেলের কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।"
কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, "এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও এর চেয়ে অনেক ভালো কাজ করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন?" এ সময় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী মন্তব্য করেন, এ ধরনের নিম্নমানের কাজ হওয়ার চেয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ সংস্কারকাজ একেবারে বন্ধ করে দেওয়া ভালো।
পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব হাবিবুল হাসান রুমি।
এছাড়া অন্যান্যের মধ্যে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা সহ রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে পশ্চিমাঞ্চল ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।