মোঃ শহিদুল ইসলাম,রংপুর:
রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার ৪ নম্বর ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত কিশোরের নাম আমিনুল ইসলাম আকাশ (১৬)। সে উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, একই দিন সকালে কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী/পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর নাম তাহমিনা খাতুন। তিনি হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজির জন্য এলাকায় মাইকিংও করা হয়েছিল।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, নিহত নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।