রবিন চৌধুরী রাসেল, রংপুর:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মসভার রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার আর্থিক অনুদানের একটি চেক হস্তান্তর করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসবের আমেজ দেখতে প্রধানমন্ত্রী রংপুর রাধাগোবিন্দ মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। পরে তিনি অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির এলাকা ও সমগ্র রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দর থেকে রংপুরের পথে যাত্রাকালে প্রধানমন্ত্রী তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁর এই সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, রংপুরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে এটি সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। রংপুর সফর শেষে একই দিনে প্রধানমন্ত্রীর রাজশাহী ও চট্টগ্রামের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।