নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবেশীদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চিরিরবন্দর ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া এলাকার অশিম চন্দ্র রায়ের ছেলে। তিনি পূর্ব সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে নয়া মোল্লাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রোমান এবং তার প্রতিবেশী আসাদুজ্জামান ও তাদের সমর্থকদের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষক মনোরঞ্জন রায় সেখানে গিয়ে দুপক্ষকে শান্ত করার ও মধ্যস্থতা করার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, এ সময় আসাদুজ্জামান ও তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে হঠাৎ মনোরঞ্জন রায়ের ওপর চড়াও হন এবং গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই রোমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পার্বতীপুর সার্কেল ও চিরিরবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করেছে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতা জোরদার করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।