নিজস্ব প্রতিবেদক, রংপুর:
সরকারি নিয়ম ও দাপ্তরিক সময়সীমা লঙ্ঘন করে রংপুরে নির্ধারিত সময় পেরিয়ে সন্ধ্যার পরও সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রংপুর সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ অফিস সময়ের অনেক পরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখায় সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহলে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, প্রচলিত রেজিস্ট্রেশন বিধিমালা অনুযায়ী দেশের সকল সাব-রেজিস্ট্রি অফিসে দলিল দাখিল ও নিবন্ধনের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত রয়েছে। সাধারণত সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম ও দলিল রেজিস্ট্রির কাজ সম্পন্ন করার নিয়ম রয়েছে। কিন্তু সম্প্রতি সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সন্ধ্যা ৬টার পরেও দলিল প্রস্তুত, স্বাক্ষর ও রেজিস্ট্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানান, অফিস সময় শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গোপনীয়ভাবে কার্যক্রম চলতে থাকায় বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। দিনের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত গোপনীয়তা বা কোনো বিশেষ সুবিধার বিনিময়ে এ ধরনের বিধিবহির্ভূত কাজ করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে গভীর সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সচেতন মহলের দাবি, একটি সরকারি দপ্তরে নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে রাতের আঁধারে বা অফিস সময়ের পরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি ও রহস্যজনক। সাধারণ মানুষ দিনের বেলায় যেখানে সেবা পেতে নানা ভোগান্তির শিকার হন, সেখানে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের উপস্থিতিতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কার স্বার্থে ও কী উদ্দেশ্যে এই কার্যক্রম চলছে তা খতিয়ে দেখা প্রয়োজন।
দুর্নীতি ও অনিয়ম রোধে অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।