নিজস্ব প্রতিবেদক:
১২ ফেব্রুয়ারির গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ডাক দিলে গ্রাম-বাংলার সাধারণ মানুষকে ঢাকায় পৌঁছানোর আহ্বান জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এই দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনি দাবি নয়; বরং দেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, চাঁদাবাজি বন্ধ, বিদেশে অর্থপাচার রোধ এবং কৃষকের জন্য সার নিশ্চিত করার দাবিতেই আমরা মাঠে নেমেছি।”
সরকারের বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, “সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন কেন গণভোটের রায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে?” এ সময় তিনি গ্যাস ও বিদ্যুতের বিল বাড়িয়ে জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরির তীব্র প্রতিবাদ জানান।
খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।
এর আগে শনিবার দিনের শুরুতেই এক হাজারের বেশি যানবাহনের বিশাল বহর নিয়ে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে এই লংমার্চ শুরু হয়।