খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আমির আলী।
শনিবার (৩১ অক্টোবর) বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তারাগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আমির আলী তারাগঞ্জ উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও তারাগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম নজরুল ইসলাম বাচ্চা’র সুযোগ্য সন্তান এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর ইসলাম মার্শালের ছোট ভাই। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও দীর্ঘদিনের সামাজিক গ্রহণযোগ্যতাকে পুঁজি করে তিনি এবার নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় আমির আলী বলেন, "আমার বাবা মরহুম নজরুল ইসলাম বাচ্চা আজীবন কুর্শা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমার বড় ভাই শাহিনুর ইসলাম মার্শালও চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেছেন। পারিবারিক সেই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে এবং কুর্শা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দল যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন প্রদান করে, তবে ইনশাআল্লাহ কুর্শাবাসীকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব।"
এদিকে আমির আলীর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে কুর্শা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় ভোটারদের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমির আলীর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য নির্বাচনে তাকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখবে।
দলীয় সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নে আমির আলীর পাশাপাশি আরও ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠছে ধানের শীষের প্রতীক, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে কুর্শাবাসী।