আসাদুজ্জামান টিটু, রংপুর:
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা তিন দিনের সরকারি সফরে আজ রংপুরে পৌঁছাচ্ছেন। সফরসূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর পর্যন্ত তিনি রংপুরের বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন।
আজ (৪ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ২টায় তাঁর রংপুর সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে আজ সন্ধ্যায় বদরগঞ্জের জামুবাড়ি পকিখানা রেলগেট মাঠে আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।
পরদিন ৫ নভেম্বর সকালে ব্যারিস্টার সাকিলা ফারজানা বদরগঞ্জ মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে আগামী ৬ নভেম্বর সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।