শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের দর্শনা মোড়ে ফুট ওভারব্রিজ ও স্পিড বেকারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাল সনদে চাকরি: বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বরখাস্ত রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সম্পন্ন বদরগঞ্জের যমুনেশ্বরী নদী লুটের মহোৎসব: ২০টি পয়েন্টে ড্রেজার বসিয়ে চলছে মাটি-বালু বিক্রি, হুমকির মুখে আবাদি জমি ও গ্রামীণ সড়ক জাতীয় টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ৩ মাসে ১,৬২৬ আসামি গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা রংপুরে বিআরডিবি’র বিভাগীয় কার্যালয় উদ্বোধন এবং সুফলভোগীদের মাঝে গাছের চারা ও প্রণোদনার চেক বিতরণ দৈনিক উত্তরের খবর-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ।

​শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত সনাতন পরিষদ এই সভার আয়োজন করে।

​ধর্মকে কেন্দ্র করে সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে উল্লেখ করে তিনি বলেন, আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।

​মহান মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সেই চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় পরিচয় নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি।

​সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। আমরা একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।

​সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধর্মাবলম্বীর জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা, রথযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সরকার সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে, যাতে কোনো দুর্বৃত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।

​সনাতন সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নিজেদের সমস্যা ও দাবি সংগঠিতভাবে সরকারের কাছে তুলে ধরতে হবে। সরকার আলোচনা ও সংলাপের মাধ্যমে যৌক্তিক দাবিগুলোর ইতিবাচক সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগের ইতিহাস স্মরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews