
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও ধ্বংস করে গেছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছেন। তারা সব সংকটের এখনই সমাধান চান এবং সরকারকে নানাভাবে টেনে ধরার চেষ্টা করছেন।”
২৪ সালের জুলাই আন্দোলন ও বিগত সরকারের সময়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে চার হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আমাদের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ কারণে ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে।”
রংপুরের উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলতে চান। জিনিসপত্রের দাম একটু বেড়েছে, যখন আমদানি করা হয় তখন এই পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না; এখন তাঁরা যা খুশি তাই লিখতে পারছেন।”
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয়। এ সময় প্রকল্পের আওতায় ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।