
নিজস্ব প্রতিবেদক :
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাত্র ছয় মাসে সব উন্নয়ন কাজ শেষ করা সম্ভব নয়। বর্তমান সরকার ফটোসেশন কিংবা ফটোশোরের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দৃশ্যমান কাজ বাস্তবায়নে বিশ্বাসী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “তারেক রহমান আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, আর আমি কেবল স্বপ্নের মধ্যে থাকতে চাই না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও নির্দেশনায় আমরা দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছি এবং কাজ শুরু করেছি। মাত্র ছয় মাস হলো সরকার দায়িত্ব নিয়েছে, এই স্বল্প সময়ে সব কাজ শেষ হওয়া সম্ভব নয়—বিষয়টি বিরোধী দলের বোঝা উচিত। অথচ ছয় মাস যেতে না যেতেই তারা লং মার্চ করার কথা বলছেন।”
মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সামাজিক কর্মকাণ্ডের বিস্তারের মাধ্যমেই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। কারণ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্যই হলো একটি মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করা। গত ১৭ বছরের দীর্ঘ রাজনৈতিক চর্চায় প্রভাবশালী একটি চক্র এখনো বিভিন্নভাবে কলকব্জা নাড়ানোর চেষ্টা করছে। যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং কৃষক দলের নেতা মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।