
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুর–সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে তীব্র যানজট নিরসনে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল পাগলাপীর বাজার বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাফিক পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশের যৌথ সদস্যরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে দিনভর কাজ করেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রংপুর–সৈয়দপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কে যানজট রোধে পুলিশের এই নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমান পাগলাপীর বাজারের বিভিন্ন যানবাহন ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মহাসড়কের ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামাসহ যানজট সৃষ্টি করতে পারে—এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।