
রবিন চৌধুরী রাসেল, রংপুর:
আগামী ১৯ সেপ্টেম্বর ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে প্রস্তুতি সভা করেছে ১১ দলীয় ঐক্য কর্মসূচিতে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঘোষিত সাত দফা দাবি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি লংমার্চ সফল করতে মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে মাঠে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম বাদল এবং মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ লেবার পার্টির রংপুর মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা সভাপতি এমএ হক আকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির রংপুর জেলা সভাপতি রতন মুন্সি, সাধারণ সম্পাদক শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। সভায় বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সফল করতে রংপুর মহানগর ও জেলার সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বক্তরা বলেন, লংমার্চ কে কেন্দ্র করে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার কথা বলেন তারা।
সভা শেষে নেতারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কর্মসূচিতে রংপুরের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নেওয়ার কথা জানান।