
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
“ভিক্ষাবৃত্তি নয়, কর্মসংস্থান চাই” এবং “সমতার সমাজে সবার জন্য সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সম্মানজনক জীবনযাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং এই জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয় এই আয়োজন থেকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রংপুর নগরীর মর্ডাণ মোড় অর্জন চত্বরে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোছাঃ আনোয়ারা ইসলাম রানীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান স্থায়ীভাবে উন্নয়নে ভিক্ষাবৃত্তির সংস্কৃতি থেকে বের করে এনে দক্ষতা উন্নয়ন ও বাধ্যতামূলক কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি এড়াতে এবং সমাজে এই জনগোষ্ঠীর সমতা ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, মডার্ন মোড় এলাকায় তথাকথিত ‘মিতু হিজরা গ্রুপ’-এর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সচেষ্ট থাকায় তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।