
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে মাত্র ৩১ হাজার টাকায় নিজের ১১ মাস বয়সী মেয়েসন্তান জান্নাতিকে বিক্রির অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত পিতার বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ প্রায় দুই মাস পর রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিশুর বাবা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ, মোরশেদা খাতুন ও জেসমিন আকতার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম মাদকাসক্ত। গত ২২ জুলাই নেশার টাকা জোগাড় করার উদ্দেশ্যে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তিনি তার শিশুকন্যা জান্নাতিকে ঘর থেকে নিয়ে যান এবং বিক্রি করে দেন।
সন্তানকে হারিয়ে শিশুটির মা রোমানা আকতার গত ১৪ আগস্ট গাইবান্ধা আদালতে শিশু উদ্ধারের জন্য আবেদন করেন। আদালতের বিচারক নিশাত তাজনীন আবেদনটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে শিশুটি উদ্ধারের নির্দেশ দেন। আদালতের আদেশের পর মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তথ্যপ্রযুক্ত ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া থেকে শিশুটিকে উদ্ধার এবং এর সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
সোমবার সকালে জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের পর শিশু জান্নাতিকে তার মা রোমানা আকতারের কোলে তুলে দেওয়া হয়।
সন্তানকে ফিরে পেয়ে মা রোমানা আকতার কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘আমি এমন বর্বর স্বামীকে চাই না, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে বাবা তার নিজের কোলের শিশুকে বিক্রি করতে পারে, সে আরও অনেক অপরাধ করতে পারে। সে এখন আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। তাই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশু জান্নাতিকে উদ্ধার করে। শিশু বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।