
মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. গোলাম রব্বানী (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিকশার ব্যাটারির সংযোগ খুলতে যান গোলাম রব্বানী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি শুরুতে টের পাননি। পরে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে তার মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।