
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশজুড়ে পরাজিত শক্তির গোপন চক্রান্ত ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রংপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও প্রবীণ শ্রমিকনেতা মো. আসাদুজ্জামান বাবু।
এক বিবৃতিতে তিনি বলেন, সাধারণ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ যখন মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট, ঠিক সেই মুহূর্তে তেলের দাম বাড়ানোর ফলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে আওয়ামী দোসররা বিভিন্ন স্থানে গোপনে নাশকতা ও অপতৎপরতা চালানোর অপচেষ্টা করছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিবৃতিতে শ্রমিকনেতা আসাদুজ্জামান বাবু আরও উল্লেখ করেন, বিগত দিনে শ্রমিক সমাজ ও সাধারণ জনগণের অধিকার হরণ করে যারা দেশকে পরনির্ভরশীল করে তুলেছে, তারাই আজ নেপথ্যে থেকে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের পরিবহন খাত, শিল্প এবং কৃষি উৎপাদন সচল রাখতে অবিলম্বে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে।
শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মেহনতি মানুষ যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনজীবনের নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতামূলক ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি অবিলম্বে শ্রমিক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চক্রান্তকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।