
মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী এবং রংপুর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মিঠাপুকুর উপজেলার সচেতন নাগরিক সমাজ এবং মহাবিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তারা বলেন, নতুন এই বহুতল ভবন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মনোরম পরিবেশ নিশ্চিত হবে।
‘শিক্ষার উন্নয়ন হোক, এগিয়ে যাক মিঠাপুকুর’ উপস্থিত সকলের এই সম্মিলিত প্রত্যাশার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।