
মোঃ আনিছুর রহমান,চিলমারী কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বঘোষিত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার বাসিন্দা।
সংঘর্ষ চলাকালে উত্তেজনার একপর্যায়ে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ জানান, “দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছি।”
এ বিষয়ে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সেলিম মিয়া ও তোতা মিয়ার মধ্যকার দীর্ঘদিনের বিরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।