
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীন রামখানা বিওপির পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে অস্ত্র ও মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পরে সংশ্লিষ্ট সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ টহল পরিচালনা করা হয়।
টহল চলাকালে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় কয়েকজন চোরাকারবারিকে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দ্রুত দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া উদ্ধার হওয়া পদার্থগুলো আসলেই ক্রিস্টাল মেথ (আইস) কি না, তা নিশ্চিত করতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।