
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে শেষ পর্যন্ত তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ওই সাতজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। পুশ-ইনের চেষ্টার শিকার এই দলে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
নীলফামারী ব্যাটালিয়নের (বিজিবি-৫৬) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেন। বাধা পাওয়ার পর তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।
দিনভর সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা ও বিজিবির কঠোর অবস্থানের মুখে পড়ে ওই সাতজন। পরবর্তীতে রাতের দিকে পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে তারা একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (বিজিবি-৫৬) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার এবং পুশ-ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।