
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বড় মজিদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ এবং ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হয়।
নিহত বিপুল চন্দ্র বর্মন পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, নিজস্ব কোনো জমিজমা না থাকায় বিপুল অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদের পাশাপাশি দিনমজুরির কাজ করতেন। এছাড়া অভাবের সংসারে সচ্ছলতা আনতে দীর্ঘদিন ধরে তিনি রাতে ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে তিনি আর ফেরেননি। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশের একটি ধানক্ষেতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহের পাশেই তাঁর ভ্যানটি পড়ে ছিল। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিংবা অন্য কোনো বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে থাকতে পারে। ঘটনাস্থলে ধানক্ষেতের বেশ কিছু ধানগাছ ভাঙা থাকায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে বিপুলের ধস্তাধস্তি হয়েছিল।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।