
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে নির্মীয়মাণ পৌরসভা ভবনের ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও আটজন শ্রমিক।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। আহতদের মধ্যে লিটন মণ্ডল, সেলিম মিয়া ও বাবলা মিয়ার নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ভিশন-২০২০ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে পৌরসভা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেল নাগাদ হঠাৎ কাঠের সাটারিং ভেঙে পড়লে বেশ কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন।
ঘটনার পরপরই পীরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আছাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনার খবর পেয়ে রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “নির্মাণকাজে দুই শ্রমিকের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। এ দুর্ঘটনার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্য কারও গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।