
মোঃ আব্দুল কুদ্দুস, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শাহাদত হোসেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগণ। সভায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, রাতের বেলায় নজরদারি এবং মন্দির কমিটির নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, মন্দির কমিটি ও স্থানীয় জনগণকে সজাগ থাকতে হবে।” তিনি দিন ও রাত উভয় সময়ে মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
ইউনিয়নের নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা ও তদারকির জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে:
সভায় পূজামণ্ডপ এলাকায় মাদক সেবন ও বেচাকেনাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধের কঠোর নির্দেশ দেওয়া হয়। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন মন্দিরের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও পূজার প্রস্তুতি নিয়ে মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয়। চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে সভার সকল প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।