
নিজস্ব প্রতিবেদক
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে রংপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুর যৌথভাবে এ র্যালির আয়োজন করে।
আজ (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক জনাবা ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সাদাছড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যাতায়াত সহজীকরণ এবং সমাজে তাদের সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ভবিষ্যতেও নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।