
রংপুর প্রতিনিধি:
বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের ভুল পরিকল্পনা, ‘ক্যাপাসিটি চার্জে’র বিশাল বোঝা এবং চলমান লোডশেডিং নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরে এক ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল ইমরান সুজন এবং সদস্য সচিব মোঃ জাকারিয়া ইসলাম জিম। নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
অদূরদর্শী সিদ্ধান্তের চরম মাশুল
লিফলেট বিতরণকালে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের দূরদর্শিতার অভাব ও দুর্বল পরিকল্পনার মাশুল আজ পুরো দেশকে গুনতে হচ্ছে। ২০০৯ সালের প্রায় ৫ হাজার মেগাওয়াটের উৎপাদন সক্ষমতা বর্তমানে কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াটে পৌঁছালেও সঠিক জ্বালানি নীতির অভাবে বাস্তবে তার অর্ধেকও কাজে লাগানো যাচ্ছে না।
তারা আরও জানান, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্র বসিয়ে ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শুধু ‘ক্যাপাসিটি চার্জ’ বাবদ পরিশোধ করতে হয়েছে ২ লক্ষ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা। পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি সংকটের কারণে গ্রামের পর গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
সুসংহত উদ্যোগ ও টেকসই সমাধানের আশা
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যুৎ খাতের সংকট কাটাতে ইতোমধ্যে বেশ কিছু সংস্কারমূলক ও ইতিবাচক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ চুক্তির পুনঃআলোচনা, বন্ধ কেন্দ্রগুলো ক্যাপিট্যাল ও ক্যাপাসিটি চার্জ ছাড়াই চালুর উদ্যোগ এবং নবায়নযোগ্য শক্তি বিকাশে সৌর সরঞ্জামের আমদানিশুল্ক ৬৪% থেকে কমিয়ে ১%-এ নামিয়ে আনার মতো পদক্ষেপগুলো বিদ্যুৎ খাতকে পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মসূচিতে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও সঠিক অর্থায়ন সুনিশ্চিত করে জনগণকে লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্ত করার জোর দাবি জানান।