
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বজলু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত বজলু মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।
ঘটনার বিবরণী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি আছমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যার পর সে বাড়ির পাশে একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা কুড়াতে যায়। এ সময় বজলু মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন।
ঘটনার পর শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাকে পুরো বিষয়টি জানায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে মাইক্রোবাসযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।