
মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা প্রশাসনিক থানাকে পৃথক উপজেলায় উন্নীত করার লক্ষ্যে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রেরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ।
রবিবার (১৮ অক্টোবর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ‘কচাকাটা উপজেলা বাস্তবায়ন কমিটি’র প্রতিনিধিবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাঁরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে কচাকাটা প্রশাসনিক থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রতিনিধিবৃন্দ উল্লেখ করেন, নাগেশ্বরী উপজেলা সদর থেকে কচাকাটার দূরত্ব ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় জনসাধারণকে প্রশাসনিক ও আইনি সেবা গ্রহণে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো মৌলিক সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানো সহজ হবে। এটি এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের প্রাসঙ্গিক চিঠির বিষয়টিও জেলা প্রশাসকের নজরে আনা হয়। উক্ত পত্রে কচাকাটা থানাভুক্ত পাঁচটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রেরণের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই ও সম্ভাব্যতা মূল্যায়ন শেষে দ্রুত পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত ডিজিএম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। মোঃ নূর ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রংপুর। এন এম আলমগীর বাদশা, বিভাগীয় উপপরিচালক (উপসচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএস), রংপুর। ডা. মোঃ মোফাখ্খারুল ইসলাম মুকুল,সহকারী অধ্যাপক (চক্ষু), রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এস এম শফিকুল ইসলাম সাগর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, লালমনিরহাট। ডা. মোঃ সাজেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর। মোঃ আমজাদ হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোঃ মহির উদ্দিন, সহকারী অধ্যাপক, বুড়িরহাট কলেজ, রংপুর। মোঃ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট, রচিমহা। মোঃ সাইফুর রহমান, সহকারী অধ্যাপক, দর্শনা কলেজ, রংপুর। ড. মোঃ আব্দুর রহিম মুকুল, প্রভাষক, নাগেশ্বরী কামিল মাদ্রাসা। মোঃ মোহেব্বুল্লাহ, সহকারী অধ্যাপক, নাগেশ্বরী কামিল মাদ্রাসা। মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষক, গোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচাকাটা। মোঃ মাহবুবুর রহমান, প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
উপস্থিত প্রতিনিধিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “কচাকাটা উপজেলা বাস্তবায়ন ওই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়িত হলে অবহেলিত এ এলাকার সার্বিক উন্নয়ন ত্বরাণ্বিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।” জনস্বার্থে এই দীর্ঘদিনের গণদাবি বাস্তবায়নে জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।