
মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
রংপুরে ভাবসাধক ও বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস উপলক্ষে জীবন ও দর্শনভিত্তিক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর (০১ কার্তিক) বিকেল ৪:০০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
’লালন সাঁই-এর জীবন ও দর্শনভিত্তিক’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা মহাত্মা লালনের সাম্যবাদ, অসাম্প্রদায়িক চেতনা, মানবধর্ম ও আধ্যাত্মিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের অমীয় বাণী ও মানবতাবাদী চিন্তা সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আজও অনন্য প্রেরণা জোগায়।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় বাউল শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লালন সাঁইয়ের কালজয়ী ও হৃদয়স্পর্শী গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিপুল সংখ্যক লালন অনুরাগী দর্শক উপস্থিত ছিলেন।