
বিশেষ প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তীব্র বাধা ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের সংলগ্ন এলাকা দিয়ে এ পুশ-ইনের চেষ্টা চালানো হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু, দুই নারী ও আট পুরুষসহ মোট ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয় বিজিবির টহল দল। বিজিবির শক্ত অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পেরে পিছু হটতে বাধ্য হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ১২ জন বর্তমানে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। কোনো অবস্থাতেই যেন অবৈধ প্রবেশ না ঘটে, সে লক্ষ্যে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এই পুশ-ইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।