
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি টাকার বিশেষ প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ডিজিটাল বোতাম চেপে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে উষ্ণ সংবর্ধনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
এর আগে বেলা ২টা ৫৫ মিনিটে সামরিক একটি উড়োজাহাজে করে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে জনসভাস্থলে যাওয়ার পথে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজারো মানুষের শুভেচ্ছার জবাবে তিনি গাড়ি থেকে হাত নেড়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
রাজশাহীর দলীয় জনসভা ও সরকারি কর্মসূচি শেষে বিকেলে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। রাজশাহী সফর শেষে তার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।