
আসাদুজ্জামান টিটু, রংপুর:
সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার। ১৯৭১ সালে সব ধর্মের মানুষ যেমন এক হয়ে দেশকে স্বাধীন করেছিল, তেমনি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় প্রধানমন্ত্রী সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আজকে আমরা প্রতিজ্ঞা করি— মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এ দেশ আমাদের সবার। আমরা সবাই মিলে পরিশ্রম করে দেশকে আমাদের প্রত্যাশিত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সমাজের সব শ্রেণি, পেশা ও ধর্মের মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এছাড়া ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ও ব্যক্তিদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।”
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি বজায় রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে ঢাকা থেকে সামরিক উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দু’পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং পথসভায় বক্তব্য দেন।